দেশের শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের বৈশ্বিক ওয়েবসাইট ‘প্ল্যাটফর্মস’ চালু

৫ অক্টোবর, ২০২৩ ১৪:৫৫  

এরইমধ্যে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত ও উদীয়মান শিল্পীরা

বাংলাদেশের প্রাণবন্ত শিল্প জগতকে তুলে ধরার লক্ষ্যে নতুন একটি ওয়েবসাইট ‘প্ল্যাটফর্মস’ চালু হয়েছে। বহুল প্রতীক্ষিত এই অনলাইন স্পেসটি অভিজ্ঞ ও নতুন শিল্পী সবার জন্যই সম্পূর্ণ নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছে। এর মাধ্যমে শিল্পের প্রকাশ ও সহযোগিতার এক নতুন যুগের সূচনা হবে।

প্ল্যাটফর্মস-এর লক্ষ্য উদীয়মান ও প্রতিষ্ঠিত শিল্পীদের জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরি করা, যার মাধ্যমে বাংলাদেশের শিল্পকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা। একটি সিলেকশন বোর্ডের সাহায্যে অন্তর্ভুক্তিমূলক একটি প্ল্যাটফর্ম দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন এই সাইট প্ল্যাটফর্মস, যেখানে সব ধরনের শিল্পীদের সমাবেশ ঘটবে।

ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘ভৌগোলিক সীমা পেরিয়ে গিয়ে সব ধরনের মানুষকে যুক্ত করার যে ক্ষমতা শিল্পের রয়েছে, সেটি আমরা গভীরভাবে বিশ্বাস করি। ঠিক এ কারণেই প্ল্যাটফর্মস এমন একটি স্পেস তৈরি করতে চায়, যেখানে যেকোনো জায়গা থেকে উঠে আসা, যেকোনো মাধ্যমে কাজ করা সব শিল্পী স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারেন। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অসাধারণ প্রতিভাবান যেসব শিল্পী আছেন, তাদের আমরা তুলে ধরতে চাই, তাদের অনন্য দৃষ্টিভঙ্গি সবার সামনে প্রকাশ করতে চাই। শিল্পীদের একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত কমিউনিটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

প্ল্যাটফর্মস-এর সাথে যুক্ত হয়েছেন প্রতিষ্ঠিত ও নতুন একঝাঁক প্রতিভাবান শিল্পী। প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে আছেন নিসার হোসেন, মোহাম্মদ ইউনুস ও কনক চাঁপা চাকমা। আর উদীয়মান প্রতিভাদের মধ্যে আছেন সুমন ওয়াহিদ, সুলেখা চৌধুরী ও সোমা সুরভী জান্নাত। সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার প্রকাশ প্ল্যাটফর্মস-এর উদ্দেশ্য, আর এই শিল্পীরা একত্রে সে কাজটিই করছেন। এর মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের শিল্প জগৎ।

প্ল্যাটফর্মস-এ পাওয়া যাবে এক্সক্লুসিভ অরিজিনাল শিল্পকর্ম, যার প্রতিটির সাথে থাকছে বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য সার্টিফিকেট। আরও থাকছে স্বাক্ষরিত সংস্করণ, কাস্টমাইজড ফ্রেমিং। আর হার্ট সিম্বল ফিচারটির সাহায্যে খুব সহজেই আপনার পছন্দের শিল্পকর্মটি সেভও করা যাবে। এই প্ল্যাটফর্মে প্রধান প্রধান সব ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশ-এর মাধ্যমে টাকা পরিশোধ করা যায় খুব সহজেই। আমাদের রয়েছে সারা বিশ্বব্যাপী শিপিংয়ের সুবিধা, নিবেদিত কাস্টমার সাপোর্ট এবং ঝামেলামুক্ত অভিজ্ঞতার জন্য ট্র্যাকিংয়ের ব্যবস্থা।